সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডা অ্যাশ বোঝাইয়ের সময় লাইটার জাহাজ ডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাদার ভেসেল থেকে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাইয়ের সময় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার সকাল ৭টার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা লোকজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোডা অ্যাশ বোঝাইয়ের সময় লাইটার জাহাজ ডুবি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাদার ভেসেল থেকে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ বোঝাইয়ের সময় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার সকাল ৭টার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা লোকজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া বসানো হয়েছে। পাশাপাশি সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার খবর রাতে জানা যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকাল ৭টার দিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল চিহ্নিত করে বয়া বসানো হয়েছে।

তিনি বলেন, “সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করতে বলা হয়েছে।”

বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান জানান, বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর-১-এ সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। এ সময় লাইটার জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়।

তিনি বলেন, “সেসময় লাইটারটি কাত হয়ে সাগরে ডুবে যায়। ঘটনার পরপর এলাকাটি চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। লাইটার জাহাজে থাকা লোকজনকে তখনই উদ্ধার করা হয়।”

তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে কতজন ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি ডক মাস্টার।

শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট সোডা অ্যাশ নামেও পরিচিত।