পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষ মুহূর্তে নেওয়া কঠোর পদক্ষেপ ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ুং।
চোই কিয়ো-জিন জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ায় শেষ মুহূর্তে যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার সমালোচনার দায় তিনি এড়াতে পারেন না।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রোববার চোই বলেন, “দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা আমি এড়াতে পারি না। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি গভীর দায়িত্ববোধ থেকে পদত্যাগ করছি।”
ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী হান ওন-সিওক স্বীকার করেন, মাইক্রোক্যামেরা, স্মার্টফোন ও এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি পরীক্ষায় নকল করেছিলেন। এ ঘটনার পর দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
এর চার দিন পর, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং। ওই পরীক্ষায় যাতে একইভাবে এআই ব্যবহার করে নকল করা না যায়, সে জন্য শেষ মুহূর্তে কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় শিক্ষা মন্ত্রণালয়।
এসব পদক্ষেপের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়। আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা এবং শেষ মুহূর্তের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার দায় নিয়েই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপের পরও এ বছরের সুনুং পরীক্ষায় অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অন্তত ১১১টি নকলের ঘটনা শনাক্ত হয়েছে।
এআই-চালিত ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের নকল করার খবর প্রকাশের পর কয়েক সপ্তাহ ধরেই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় অসদুপায় অবলম্বন নিয়ে উদ্বেগ বাড়ছিল।
গত সপ্তাহান্তে সেই উদ্বেগ আরও তীব্র হয়। এপ্রিলে অনুষ্ঠিত কর হিসাবরক্ষক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী হান ওন-সিওক নকল করার কথা স্বীকার করেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে অস্বাভাবিকভাবে বেশি নম্বর পাওয়াকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যেই তিনি এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন।
এ ঘটনার পর সুনুং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়। পরীক্ষার দিন দেশজুড়ে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়।
গোপন ক্যামেরা আড়াল করার আশঙ্কায় পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়েছিল। পাশাপাশি কর্তৃপক্ষ তাঁদের চশমাও তল্লাশি করে।
এসব পদক্ষেপে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ও সন্দেহ তৈরি হয়। সুনুং পরীক্ষার আগে উচ্চমাধ্যমিকের শেষ বর্ষের এক শিক্ষার্থী ‘দ্য কোরিয়া টাইমস’কে জানান, তাঁর দুশ্চিন্তা হচ্ছিল, মোটা ফ্রেমের চশমাটিকে ভুল করে স্মার্ট গ্লাস মনে করা হতে পারে।
আরেক পরীক্ষার্থী ইয়োনহাপকে জানান, তিনি সাধারণত চশমা পরেন। তবে কোনো ধরনের সন্দেহ এড়াতে সুনুং পরীক্ষার দিন কষ্ট করে কন্টাক্ট লেন্স পরেছিলেন।