যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণের মুখে পড়েও নিজেদের প্রতিরক্ষা ও সামরিক শক্তি যে অক্ষুণ্ণ রয়েছে, বিশ্ববাসীকে সেই বার্তাই দিতে চাইছে তেহরান। এরই অংশ হিসেবে নিজেদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সুরক্ষিত ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিগুলো প্রকাশ্যে প্রদর্শন শুরু করেছে দেশটি।
সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরিদর্শনের ভিডিও চিত্র সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে জানানো হয়, এবারের সামরিক প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল এমন একটি উন্নত উৎক্ষেপণ যন্ত্র বা ডুয়াল-মিসাইল লঞ্চার, যা একই মুহূর্তে তরল জ্বালানিচালিত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।
বিগত তিন দশক ধরে নিজস্ব প্রযুক্তিতে নানা ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে ইরান। এর ধারাবাহিকতায় গত শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদির ভূগর্ভস্থ ঘাঁটি পরিদর্শনকালে এই নতুন প্রযুক্তির লঞ্চারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স তাদের আধুনিক সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্রের বিশাল সম্ভার প্রদর্শন করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত নতুন এই লঞ্চারটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে এটি একসাথে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন এবং উৎক্ষেপণ করতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, তরল জ্বালানিযুক্ত এই ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে বা খাড়া ওপরের দিকে উৎক্ষেপণ করা হয়। এছাড়া এগুলোতে গতি নিয়ন্ত্রণের বিশেষ প্রযুক্তি যুক্ত থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সহজ হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ইরানের আধুনিকতম প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাত হানার দূরত্ব এবং নিখুঁত নিশানার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস প্রযুক্তির ওপর নির্ভর না করেই এগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ ও দিকনির্দেশনা পেতে সক্ষম।
তথ্যসূত্র: আলজাজিরা