দক্ষিণ লেবাননের কান্তারা অঞ্চলের প্রান্তে বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগের দিন রোববারও ইসরায়েলি সেনারা জাওতার আল-শারকিয়াহ এলাকায় বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটায় এবং তার ঠিক পরই কাফার তিবনিতে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণের তীব্র শব্দ দক্ষিণ লেবাননের বিশাল অংশজুড়ে অনুভূত হয়েছে।
অন্যদিকে, গত মার্চ মাস থেকে লিতানি নদী অববাহিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে লেবানন সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। এনএনএ জানিয়েছে, সরকারি নীরবতার প্রতিবাদে নাবাতিয়েহ আল-ফাওকা ও জাওতার এলাকার সাধারণ মানুষ দুটি আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এদিকে, ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় সীমান্ত গ্রামগুলোর নাগরিকদের প্রতি একাত্মতা প্রকাশ করে ২২ নভেম্বর দেশের স্বাধীনতা দিবসের কোনো শুভেচ্ছা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পিকার বেরি চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবসকে অপূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করেন যে, লেবাননের সার্বভৌম ভূখণ্ড পুরোপুরি দখলমুক্ত হলে এবং রাষ্ট্রীয় ও জনগণের অবস্থানের মধ্যে পুনরায় সংহতি ফিরে এলেই কেবল এই স্বাধীনতা প্রকৃত পূর্ণতা লাভ করবে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই