সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোমা’ হামলার অভিযোগ নাকচ করল ইরান

যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনাসংক্রান্ত মার্কিন সংবাদমাধ্যমের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোমা’ হামলার অভিযোগ নাকচ করল ইরান
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার পরিকল্পনাসংক্রান্ত সাম্প্রতিক মার্কিন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের ভাষ্যমতে, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত থেকে বিশ্ববাসীর নজর অন্যদিকে ঘোরাতেই ওয়াশিংটন এমন ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যাচারের পর এখন আমেরিকানরা ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় বোমা হামলার গল্প সামনে আনছে। তার মতে, ইরানের বিরুদ্ধে একটি অযৌক্তিক ও বেআইনি যুদ্ধ শুরুর দায়ভার জনমতের কাছ থেকে আড়াল করতেই এসব বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ওয়াশিংটন ডিসিতে ডার্টি বম্বের বিস্ফোরণ ঘটানো অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আক্রমণের ছক কষতে পারে ইরান।

এই প্রসঙ্গে ইসমাইল বাঘাই আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক হুমকির তত্ত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়ে এখন ডার্টি বম্ব এবং ইরানের বাঁধ নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজেদের আগ্রাসী ভূমিকাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের অপপ্রচার তাদের অপরাধ ও আইনবহির্ভূত পদক্ষেপকে কোনোভাবেই জায়েজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা