বিদ্যমান সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে সেটি বাতিলের জোর দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি দলের এই অবস্থানের কথা তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসেছিল। সেখানে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বিগত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এর শিকার হচ্ছেন সরকারি ও বিরোধী দলের কর্মীরা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব।
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ দেশের নানা প্রান্তে সন্ত্রাস ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, এই অস্থিরতা থেকে দেশকে কীভাবে বের করে আনা যায় এবং এর বিপরীতে একটি রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে বর্তমান উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন।
পাশাপাশি ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এর আগে জাতীয় সংসদেও একই আহ্বান জানিয়েছিলেন। এনসিপির পক্ষ থেকে তারা স্পষ্ট করেছেন যে, বর্তমান এই নাজুক পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। নির্বাচনের পর বিগত সাত থেকে আট মাস ধরে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের বিষয়ে কঠোর পদক্ষেপ না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো আরও পরিষ্কার না করার কারণেই আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে।
নাহিদ জানান, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে জুলাই চেতনা, রাষ্ট্র সংস্কার, অপরাধীদের বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাই এই ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে রাখার জন্য তারা সুপারিশ করেছেন।
বর্তমান সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে নাহিদ বলেন, এই একদলীয় কমিটি মূলত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের পথকে রুদ্ধ করছে। তাই তারা এই কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং গণভোটের জনরায়ের আলোকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
তিনি যোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে তারা যে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, সেই লড়াই এখনো চলমান রয়েছে। এটি মূলত গণতন্ত্রের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই। গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা ফেরানো সম্ভব হবে না এবং দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এই কারণেই রাষ্ট্র সংস্কার এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।