রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি আবাসিক ভবন থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, অভিযানের পর আজিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা আজিজুল ইসলামের বিরুদ্ধে নিজ জেলায় বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।