নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন। স্থানীয়ভাবে দ্বীপটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।
উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে পরিচালিত হবে।
“অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌ বাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।”