সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ ইউনূসের

চলতি নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ ইউনূসের
ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ ও দাবি জানান অধ্যাপক ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু এ মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে মনে হয়, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীদের ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত।

চট্টগ্রামে নিজের পৈতৃক বাড়ির একাংশে অগ্নিসংযোগের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে ‘উদ্বেগজনক ও মর্মান্তিক’ উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বজুড়ে স্বীকৃত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

বিবৃতির তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের বর্তমানে ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতাদেরই ব্যাংকটির মালিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ব্যাংকের ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাঁদের দরিদ্র প্রতিবেশীদের মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিবেশী হলেন সেই নারীরা, যাঁরা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।

তাঁর ভাষ্য, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন গ্রামীণ ব্যাংক।

অধ্যাপক ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংককে নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে যুক্ত নন। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ ‘মালিক’, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের ‘বন্ধু’দের চলমান ঘটনাপ্রবাহে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তাঁর মতে, যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখা প্রয়োজন।