মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

কৃষক দল নেতা রাজু হ/ত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে করা এ মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থে

কৃষক দল নেতা রাজু হ/ত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে করা এ মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার রাতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে মামলাটি করেছেন।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি চলাকালে গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হন রাজু মোল্লা। পথে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় মশাল জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা তাঁকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে সড়কে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং চলন্ত বাসে ভাঙচুর চালানোর অভিযোগও করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার নিহত রাজু মোল্লার গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপির নেতাকর্মীরা।

এ সময় শহীদুল ইসলাম বাবুল নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।