ঢাকার ডেমরায় বিয়ের ২৩ দিনের মাথায় সুমাইয়া আক্তার লাকি (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁরই বন্ধু আশরাফুলকে বিয়ে করেছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ডেমরার একটি বাসা থেকে লাকির লাশ উদ্ধার করা হয়। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেমরা থানার এসআই মো. সাইদুল হক বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে লাকি আত্মহত্যা করেন। খবর পেয়ে সেখান থেকে আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করা হয়।”
লাকি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার লক্ষ্মণ তালুকদারের মেয়ে। গত ৬ সেপ্টেম্বর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁর বন্ধুকে বিয়ে করে ঢাকায় সংসার শুরু করেছিলেন তিনি।
নিহতের বোন ডলি জানান, লাকির আগের সংসারে ১০ বছরের একটি ছেলে রয়েছে। বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে স্বামীর বন্ধু আশরাফুলকে বিয়ে করেন বলে পুলিশের কাছ থেকে জানতে পারেন তিনি।
ডলি বলেন, “ডেমরায় বাসা ভাড়া নিয়ে তারা থাকছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানা নেই।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।