সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

রূপপুরে রুশদের কাছে বিক্রির জন্য তৈরি করতেন মদ, ১০০ লিটারসহ আটক ২

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিক্রির জন্য গোপনে মদ তৈরির অভিযোগে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) এবং উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক দুজনের একজন ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত।

রূপপুরে রুশদের কাছে বিক্রির জন্য তৈরি করতেন মদ, ১০০ লিটারসহ আটক ২
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিক্রির জন্য গোপনে মদ তৈরির অভিযোগে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) এবং উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক দুজনের একজন ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশে একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও উজ্জ্বল হোসেন (৪৫)। জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অন্যদিকে উজ্জ্বল ওই ভবনের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে মদ তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশি করে প্রায় ২ হাজার লিটার জাওয়া, ১০০ লিটার তৈরি মদ এবং মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আব্দুর রহিম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তৈরি করা এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হতো। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।