১৬ বছর বা তার কম বয়সীদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ বিষয়ে আদালত রুলও জারি করেছেন। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর। তিনি বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকীত্ব, হতাশা ইত্যাদি অনুসঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশ শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
আরও অনেক দেশ শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে। কয়েকটি দেশে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হওয়ায় এসব ভার্চ্যুয়াল মাধ্যমকে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে।