সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

হাতিরঝিলে দুই কাতারপ্রবাসীর ওপর হামলা, একজনকে গুলি ও দুজনকে কুপিয়ে জখম

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডে সন্ত্রাসী হামলায় দুই কাতারপ্রবাসী আহত হয়েছেন। তাঁদের একজনের বুকে গুলি করা হয়েছে এবং দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দুপুরে বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিলে দুই কাতারপ্রবাসীর ওপর হামলা, একজনকে গুলি ও দুজনকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডে সন্ত্রাসী হামলায় দুই কাতারপ্রবাসী আহত হয়েছেন। তাঁদের একজনের বুকে গুলি করা হয়েছে এবং দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার দুপুরে বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) এবং শরিফ (২৮)। সানাউল্লাহর বুকে গুলি লাগার পাশাপাশি হাত-পায়েও কোপের আঘাত রয়েছে। শরিফের ডান পায়ে কোপানো হয়েছে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজের সামনে তাঁদের ওপর হামলা হয়।

সানাউল্লাহ দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। অন্যদিকে শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। দুজনই বাগিচারটেক এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, দুজনকে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

সানাউল্লাহর খালাতো ভাই মনির বলেন, “দুপুরে একটি গ্যারেজে ছিলেন সানাউল্লাহ ও শরিফ। এ সময় স্থানীয় ‘টোকাই সুজন’ গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব, নূরুসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি করে ও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই গ্যারেজের এক রিকশাচালক সানাউল্লাহকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।”

এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশের বক্তব্য জানা যায়নি।