রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ‘বিশৃঙ্খলা’, পুলিশ হেফাজতে ডিএমডি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ভেতরে আওয়ামী লীগের ‘দোসর’ রয়েছেন—এমন অভিযোগ তুলে শনিবার সেখানে অবস্থান নেন তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেয়।

বৈশাখী টিভিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ‘বিশৃঙ্খলা’, পুলিশ হেফাজতে ডিএমডি
ছবি: সংগৃহীত

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ভেতরে আওয়ামী লীগের ‘দোসর’ রয়েছেন—এমন অভিযোগ তুলে শনিবার সেখানে অবস্থান নেন তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

শনিবার দুপুর ২টার দিকে বৈশাখী টেলিভিশনের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা জানান বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

তাঁর অভিযোগ, আওয়ামী লীগের ‘দোসর’ ডিএমডি টিপু সেদিন অফিসে এসে ‘বিএনপিমনা সাংবাদিকদের’ চাকরি ছেড়ে দিতে বলেন। বিষয়টি জানতে পেরে তাঁরা মহাখালীর ওয়্যারলেস এলাকায় টেলিভিশনটির কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ডিএমডি টিপু প্রসঙ্গে মিশু বলেন, “তিনি চব্বিশের ৫ অগাস্টের পর থেকেই অফিসে আসেন না। এখন তাদের আপা আসবে ভেবে আজই অফিসে আসছে। আজ এসেই বিএনপিমনা সকলকে রিজাইন দিতে বলতেছে জোর করে, সেইজন্য আমরা আসছি। উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলা আছে, দুদকের মামলাও আছে।”

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একটি মামলার আসামি সেখানে আছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মী জানিয়েছেন, প্রতিষ্ঠানটির অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করা নিয়ে ঘটনার সূত্রপাত। স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশুও বলেন, টিপু নাহিয়ানকে পদত্যাগ করতে বলেছেন এবং তাঁর গায়ে হাত তুলেছেন। বিষয়টি জানতে পেরেই তাঁরা সেখানে যান।

পরে মিশুর নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হট্টগোল শুরু করেন।

মিশু বলেন, “আমি টিপুকে বলছি যে, আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি আসুন। আমি বনানী থানাকে আগেই ফোন দিয়েছিলাম। সে আজকে অফিসে এসে বলতেছে বিএনপিমনা যারা আছে, তাদেরকে ভাগায়ে দাও। আমরা ওনাকে বলেছিলাম যে, বনানী থানায় গিয়ে কথা বলি। পুলিশ আসতে দেরি হইছে, এরমধ্যে টিপুর লোকজন আমাদের ৫ জনকে মারধর করে রক্তাক্ত করেছে।”

এদিকে বিকেল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেসবুক পেজ থেকে সেখানে ‘মব’ হওয়ার অভিযোগ তোলা হয়। ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।

প্রায় সোয়া চার মিনিটের ওই লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”

হামলা ও মবের অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দল নেতা মিশু বলেন, “আমরা কোন হামলা করিনি, ভাংচুর করিনি। ছবি-ভিডিও আছে আমাদের কাছে, এভিডেন্স আছে সব। ওনারাই শাটার লাগিয়ে আমাদের পাঁচজনের উপর মিনিমাম ২৫-৩০ জন হামলা করলো।

“পরে পুলিশের কর্মকর্তারা এসে মামলা যেহেতু আছে, টিপুরে এরেস্ট করে নিয়ে গেছে।”

তবে ডিএমডি টিপু চাকরি ছাড়তে বললেও বিএনপির নেতাকর্মীদের ডেকে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হোসাইন মোহাম্মদ নাহিয়ান।

প্রায় ১৭ মাস ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত নাহিয়ানের অভিযোগ, শনিবার ডিএমডি টিপু তাঁকে চাকরি ছাড়তে বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

নাহিয়ান বলেন, “আজকে উনি আমাকে বলতেছে তুমি রিজাইন দিয়ে চলে যাও। তখন আমি বললাম আমারতো কোন ফল্ট নাই। একপর্যায়ে আমি বলেছি তিন মাসের বেতন দিয়ে দিয়ে দেও, আমি চলে যাই।আমি উনার রুমে বসা ছিলাম।”

পরে এইচআর বিভাগ থেকে তাঁকে ডেকে কাগজপত্র ও পাওনা বুঝে নিতে বলা হয় বলে জানান তিনি।

নাহিয়ান বলেন, “এইচআর প্রধানের রুমে বসা অবস্থায়ই আমি খবর পাই ডিএমডিকে লোকজন এসে তুলে নিয়ে যাচ্ছে। ডিএমডির রুম থেকে এইচআরের রুম পর্যন্ত যাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটেছে। এজন্য সবাই ভেবেছে আমি ডেকে নিয়ে আসছি।

তিনি বলেন, “আমি কাউকে ফোন দিলেওতো এতো মানুষ আসতে ২-৩ ঘণ্টা সময় লাগবে। ডিএমডিও আমাকে বলে ‘তুই এই কাজ করছিস’। এজন্য আমাকে মারধরও করছে। পরে পুলিশ আসছে বিষয়টা বুঝতে পেরে উনি আমাকে স্যরি বলেছেন।”

যারা সেখানে গেছেন, তাঁরা চাকরিচ্যুতির খবর পেয়েই গেছেন—এমন দাবির বিষয়ে নাহিয়ান বলেন, “বিষয়টা ওরকম না, এটা আমি জানি না। ওদের কাউকে চিনি না, আমি পলিটিক্স করি না।

“আমাকে চাকরিচ্যুত করছে, তিন মাসের টাকা দিবে, আমি বের হয়ে যাব। এখানে চাকরি করব না, অন্য কোথাও চাকরি হবে। আমি এসব কেন করতে যাব?”

সেখানে যাওয়া ব্যক্তিরা বৈশাখী টিভির কয়েকজন কর্মীকে মারধর করেছেন এবং টেলিভিশনের কর্মীরাও তাঁদের মারধর করেছেন বলে দাবি করেন নাহিয়ান।

তাঁর দাবি, “দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে”

টিপুকে পুলিশ নিয়ে যাওয়ার পর তাঁর চাকরিচ্যুতির সিদ্ধান্ত বহাল না থাকলেও সেখানে আর কাজ করতে চান না বলে জানান নাহিয়ান।

তিনি বলেন, “এখানে জব করব না, সবাই ভুল বুঝতেছে আমি এ ঘটনা ঘটাইছি। আমি চলে যাব।”

বিকেল পৌনে ৫টার দিকে টিপুকে বৈশাখী টিভির কার্যালয় থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

এর আগে প্রতিষ্ঠানটির সামনে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক ব্যক্তি সেখানে অবস্থান নিয়ে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী দাবি করা সিয়াম নামের একজন বলেন, “আমরা ভেতরে ঢুকে কোনো ভাংচুর করিনি। তারা যে ভাংচুরের কথা বলছে, তারা আওয়ামী লীগের মতো গুজব ছড়াচ্ছে। এখানে সর্বোচ্চ একটা চেয়ার ভেঙেছে, যেটি বৈশাখীর লোকজনই আমাদের একজনকে ওই চেয়ার দিয়ে মেরেছেন। সে এখন কুর্মিটোলা হাসপাতালে আছে।”

তিনি আরও বলেন, “এখানে যা হয়েছে, সবকিছুর ভিডিও আমাদের কাছে আছে। সিনিয়র নেতারা চাইলে আমরা ভিডিও প্রকাশ করব। কিন্তু আপনারা চাইলে ভেতরে গিয়ে দেখে আসতে পারেন, কোথাও ভাংচুর করা হয়েছে কি না।”

ভাঙচুরের অভিযোগের বিষয়ে বৈশাখী টিভি কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ভিডিও প্রকাশের দাবিও জানান তিনি।

তবে ঘটনার বিষয়ে বৈশাখী টিভির কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টেলিভিশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন, “আমি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।”