মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

যেকোনো মিশনে গেলে হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বিদেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে গেলে কিংবা দেশে ফিরলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

যেকোনো মিশনে গেলে হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ
নয়াদিল্লিসহ বহির্বিশ্বে অবস্থিত বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবিধানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই।

মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাসহ পলাতক অন্য অভিযুক্তরা দেশে ফিরলে তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম হবে না বলেও সাফ জানান তিনি। তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কেউ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য কোনো কিছু দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়। এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না।

বিদেশে অবস্থিত প্রতিটি মিশনকে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ড হিসেবে গণ্য করা হয় জানিয়ে তিনি বলেন, দেশের ৮৪টি মিশনের যেকোনো স্থানেই তাদের বাংলাদেশের অংশ হিসেবে ধরা হয়। তাই যে মিশনেই যান না কেন, সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তারের সামর্থ্য আছে কি না—এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি বর্তমানে কোথায় আছেন, তা সাধারণ মানুষ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে আজ অবধি তাঁর চেহারা কেউ দেখেছেন কি না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তারাও তাঁকে দেখেননি। তাই তিনি কোথায় যাবেন বা যাবেন না, সেটি এখন অপ্রাসঙ্গিক।

অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড, গুম, রক্তপাত ও হত্যার নির্দেশ দিয়েছে, তাদের মধ্যে যারা দণ্ডিত হয়ে ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে আছে, বন্দী প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনাকে রাজনৈতিক কৌশল বা স্টান্টবাজি আখ্যা দিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর আসুন না, এলেই গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এই ধরনের রাজনৈতিক কৌশলের কোনো অর্থ নেই। তাঁর অনুসারীরা দেশজুড়ে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তা নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সংকটের মুখে নেতাকর্মীদের রেখে তিনি নিজেই পালিয়ে গেছেন এবং এখন সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার ষড়যন্ত্র চলছে।

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সুস্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, তিনি দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন এবং আইন নিজস্ব গতিতে চলবে। এ ছাড়া বাকি আইনি প্রক্রিয়াগুলো আইন মন্ত্রণালয় দেখছে এবং এ বিষয়ে তারাই বক্তব্য দেবেন।

শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবর প্রকাশ করেছে। এর আগে শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের আইন সংস্থা মেট্রিক্স পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ইমেইল পাঠায় এবং পরবর্তীতে জবাব চেয়ে তাগাদা দিয়ে আরেকটি ইমেইল করে।

মেট্রিক্সের ইমেইলের জবাব সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না—জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক অন্য আসামিদের বিষয়ে বাংলাদেশের আইন ও সরকারের যে অবস্থান, তাঁর ক্ষেত্রেও একই অবস্থান প্রযোজ্য।

রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কে কোথায় লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, আগেও যেমন বলা হয়েছে, এখনও একই কথা বলা হচ্ছে এবং ভবিষ্যতেও একই জবাব দেওয়া হবে—তাঁকেসহ অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিকে কেবল আসামি হিসেবেই দেখা হবে।