নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক অনুশীলন পরিদর্শন সম্পন্ন করে রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে। এর আগে বেলা সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারটি সেখানে অবতরণ করেছিল। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬ শীর্ষক চূড়ান্ত মহড়া প্রত্যক্ষ করেন সরকারপ্রধান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক উপকরণের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলন এলাকায় তিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের নানা কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই বিশেষ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে।
তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া শেষে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, আজকের এই অনুশীলন বৈশ্বিক পরিমণ্ডলে এই সুস্পষ্ট বার্তা পৌঁছে দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো সংকট বা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়দের কাছে জাহাইজ্জার চর হিসেবে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিগত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর নানামুখী সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও আয়োজিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একত্রে অংশ নিল, আর এই আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়া পর্যবেক্ষণ শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হন।