মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।

কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কেএমপি কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে আরও আট কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। তাঁদের মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং একই পদে থাকা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশ এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।