মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

খাদ্যে ভেজালে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব মন্ত্রীর

খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাবে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে।

খাদ্যে ভেজালে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব মন্ত্রীর
ছবি: সংগৃহীত

খাদ্যে ভেজাল রোধে বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাবে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে মন্ত্রীর বক্তব্যের তথ্য সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্যমন্ত্রী ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।

সরকারি খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আফরোজা খানম রিতা। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থাপিত খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অভিযোগের ভিত্তিতে কিংবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শনে গুরুতর অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে।

জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। সে হিসাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হলে অভিযোগকারী আড়াই লাখ টাকা পেতে পারেন।

সংশোধনী প্রস্তাবের সারসংক্ষেপে কয়েকটি অপরাধের ক্ষেত্রে বিদ্যমান কারাদণ্ড বা অর্থদণ্ডের সর্বনিম্ন সীমা তুলে দিয়ে সর্বোচ্চ সীমা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ক্ষমতা

প্রস্তাবিত সংশোধনীতে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো খাদ্য ব্যবসায়ী আইন লঙ্ঘনের দায়ে একাধিকবার দণ্ডিত হলে, অনিয়ম সংশোধনের জন্য দেওয়া নোটিশের নির্দেশনা নির্ধারিত সময়ে না মানলে কিংবা জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি তৈরি করলে এ ব্যবস্থা নেওয়া যাবে।

এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ, খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ কিংবা উভয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য জব্দ করার বিধান যুক্ত করার প্রস্তাবও করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে মোড়কজাত করা খাদ্যও জব্দ করার কথা বলা হয়েছে।

খাদ্য উৎপাদন, আমদানি, রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রির পাশাপাশি খাদ্য ব্যবসার নিবন্ধন, লাইসেন্স দেওয়া, খাদ্য পরীক্ষাগারের স্বীকৃতি এবং ঝুঁকি বিবেচনায় নজরদারির বিষয়গুলো আইনের আওতায় আনার প্রস্তাব রয়েছে।

আমদানি করা খাদ্যের নিরাপদতা সনদ এবং রপ্তানিযোগ্য খাদ্যের স্বাস্থ্য সনদ দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাবও রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে সংকট দেখা দিলে জরুরি ব্যবস্থা নেওয়ার বিধান রাখার কথাও বলা হয়েছে।

এ ছাড়া খাদ্যের নিরাপত্তা যাচাইকারী প্রতিষ্ঠান নিবন্ধন ও তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে। বিভিন্ন ধরনের ফি, চার্জ, ভাড়া ও জরিমানার অর্থ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব আয়ের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।

বিদ্যমান ‘বিশুদ্ধ খাদ্য আদালত’-এর নাম পরিবর্তন করে ‘নিরাপদ খাদ্য আদালত’ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যসংখ্যা চার থেকে বাড়িয়ে ছয়জন করার প্রস্তাবও রয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার বাড়ছে, শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস

বৈঠকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা কমাতে ডিলারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের নিয়ম ছিল। নতুন নিয়মে একইসংখ্যক উপকারভোগীর বিপরীতে ডিলারের সংখ্যা দ্বিগুণ হবে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ খোলাবাজারে বিক্রয় বা ওএমএস কর্মসূচি শুরু হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। অর্থাৎ ৩০০ টাকায় ১০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন তাঁরা।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি শুক্রবার এ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

২০৩০ সালের মধ্যে খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টন করার পরিকল্পনা

বৈঠকে জানানো হয়, দেশে সরকারি খাদ্যগুদামগুলোর বর্তমান মজুদ ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে খাদ্যগুদামের ধারণক্ষমতা ৭ লাখ ৭ হাজার মেট্রিক টন বাড়বে।

এ বিষয়ে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পুরোনো ও ব্যবহার অনুপযোগী গুদাম সরেজমিনে পরিদর্শন করে বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে।

খাদ্যগুদামে পোকামাকড় ও ছত্রাকের ঝুঁকি কমানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য খাদ্যশস্য সংগ্রহের সময় সঠিক আর্দ্রতা বজায় রাখা এবং গুদামে যান্ত্রিক বায়ু চলাচলের ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া নতুন খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রিফ্যাব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের কাঠামোর বিভিন্ন অংশ আগে তৈরি করে পরে নির্মাণস্থলে সংযুক্ত করা হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান থাকার কথাও জানানো হয়।

কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশনাও দেন তিনি।

কৃষক ও ভোক্তার অধিকার রক্ষা এবং তাঁদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন কমিটির সভাপতি।

বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং কমিটির সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, আবু তালেব মন্ডল, আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।