অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বিকালে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিষয়ে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে ওবায়দুল ইসলাম বলেন, "তাদের অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় অবগত না। তাই উনাদেরকে সশরীরে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্টারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।"
দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল।
তিনি বলেন, কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী সিন্ডিকেট সভায় তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।