মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

আ.লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের আটক করে মারধর করা হয়।

মারধরের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ। আটক অপর কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

প্রক্টর অফিসে প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আমরা আজ অবধি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, তারাও ক্যাম্পাসে চাকরি করছিলেন।

“আমরা তাদের কিছু বলিনি। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, এই ক্যাম্পাসের সাবেক ছাত্রলীগ করা কর্মকর্তাদের অর্থায়নে গত কয়েক দিন ছাত্রলীগ কর্মীরা অপরাধ সংঘটিত করছে। শিক্ষার্থীদের টাকায় বেতন পাওয়া ফ্যাসিবাদের যোগানদাতা এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

“আর আমরা যাদের সংশ্লিষ্টতা পেয়েছি, তাদের প্রশাসনের হাতে ন্যস্ত করলাম। এদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, “আজকের ঘটনায় বিভিন্ন দপ্তরের চারজন কর্মকর্তাকে ধরে ছাত্রদল সংগঠনের নেতারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

“তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।”

কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করার দায়িত্ব ছাত্রসংগঠনকে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, “অবশ্যই না। এর আগে আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমি নিজেও এর সদস্য।

“আমরা বারবার নোটিস দিয়েও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ না পেলে প্রশাসনিক ব্যবস্থা কীভাবে নেব?”

উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, “আমাদের এখানে ভিন্ন মতের সহকর্মী যারা আছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।

“কিন্তু গত কয়েকদিন থেকে বাংলাদেশে যে নাশকতা শুরু হয়েছে, কয়েকদিন আগে আমাদের ক্যাম্পাসের হাতবোমা বিস্ফোরণ করা হয়েছে, গতকালকে গোপালগঞ্জেও একটি ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে ক্যাম্পাসে এমন ঘটনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি আবারো সামনে এসেছে।”

উপাচার্য বলেন, “ভবিষ্যতে যেন কেউ ফ্যসিবাদী মানসিকতা পোষণ করতে না পারে, এজন্য অতীতে যারা এসব করেছে; তাদের বিচার হওয়াও উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষা করা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা—এই দুটোর মধ্যে সমন্বর রাখার দিকে আমরা লক্ষ্য রাখব।”

এদিন ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম। তাঁর বিভাগের দেয়ালে সাঁটানো পত্রিকার একটি কাটিংয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যানকে তাঁর কক্ষে জিজ্ঞাসাবাদ ও শাসানো হচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষককে তাঁর নিয়োগের বছর জানতে চাওয়া হয়। তিনি ২০১২ সাল জানালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “তাহলে তো আপনি স্বৈরাচারের দোসর”।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকালে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চারটি দাবি তুলে ধরা হয়।

প্রথম দাবিতে বলা হয়, জবি ছাত্রলীগের আগের কমিটির যেসব নেতাকর্মী জুলাই আন্দোলনে অংশ নেননি, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং পদ থেকে ইস্তফা দেননি, তাঁদের চিহ্নিত করে প্রচলিত আইনে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয় দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত বর্তমান কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

তৃতীয় দাবিতে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসীরা’ কীভাবে এবং কাদের প্রশ্রয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে, তা উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে বের করতে হবে। এর পেছনে থাকা ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানানো হয়।

চতুর্থ দাবিতে বিগত ‘স্বৈরাচারী’ সরকারের আমলে ‘দলীয় বিবেচনায় ও অন্যায়ভাবে’ নিয়োগপ্রাপ্ত এবং ‘ফ্যাসিবাদের’ প্রত্যক্ষ সমর্থক ও সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করার কথা বলা হয়। প্রশাসনিক কাজে ‘অসহযোগিতা, দুর্নীতি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’ এসব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্তের মাধ্যমে চাকরিচ্যুতি ও শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় দিয়েছে শাখা ছাত্রদল। স্মারকলিপিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে’ শাখা ছাত্রদল যেকোনো কঠোর কর্মসূচি ও পদক্ষেপ নিতে বাধ্য হবে।