দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর দাবি, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে শেখ হাসিনা নিজের রাজনৈতিক দলকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের কারণে দলটির সাধারণ নেতাকর্মীরাও বিপদের মুখে পড়ছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।’
আসিফ নজরুলের অভিযোগ, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর ভাষায়, ‘পরিস্থিতি দেখে মনে হয়, তার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।’
এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেন আসিফ নজরুল। এতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি। এমনকি দলটির প্রতি যাঁদের সামান্য সহানুভূতি ছিল, তাঁদের পক্ষেও এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
তাঁর দাবি, পরিবার ও নিজের স্বার্থ ছাড়া শেখ হাসিনার কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজনে তিনি বাংলাদেশ তো দূরের কথা, আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বহিঃপ্রকাশ তাঁর অনুসারীদের কর্মকাণ্ডেও দেখা যাচ্ছে বলে দাবি করেন আসিফ নজরুল। তাঁর ভাষ্য, গত এক মাসে তাঁরা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। অথচ ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
এসব হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে উপলব্ধি করবেন এটা? কবে বুঝবেন যে, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন?’