নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ১৮ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, সাময়িক নয়, বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করুক সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাগেরহাট জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাদলকে তাঁর গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীতে নিয়ে যায় পুলিশ। দীর্ঘ ১৮ বছর পর তাঁকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বাদলও নিজেকে ধরে রাখতে পারেননি।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদলকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। প্রিজন ভ্যানে কঠোর নিরাপত্তায় তাঁকে বাগেরহাটে নেওয়া হয়। দুপুর সোয়া ২টার দিকে ভ্যানটি সেখানে পৌঁছায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বাদলের মা শেফালী বেগম বলেন, আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই। আমার ছেলে যেন সারা জীবন আমার সঙ্গে থাকতে পারে, এই ব্যবস্থা চাই সরকারের কাছে। এই একটাই আবেদন আমার। ওর বাবা মারা গেছে। আমি মৃত্যুর পথে লড়াই করতেছি। কখন মারা যায় বলতে পারি না। আমার ছেলেটাকে মুখ দেখে আমি মরতে চাই।
বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, মায়ের অসুস্থতার কারণে তাঁরা প্যারোলের আবেদন করেছিলেন। এখন সেটি মেনে নিলেও মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁরা। যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আকলিমা বলেন, বাবা ছেলেকে না দেখেই আল্লাহর কাছে চলে গেছেন। এখন মা-ও যদি ছেলেকে না দেখে দুনিয়া থেকে চলে যান, এ কষ্ট রাখার জায়গা থাকবে না। তাই তাঁদের চাওয়া, সরকার যেন বাদলের স্থায়ী মুক্তির ব্যবস্থা করে।
আকলিমা বেগম আরও বলেন, সারা দেশের মানুষ জানে যে আমার ভাই নির্দোষ। কিন্তু সে সেখানে গিয়ে ফেঁসে গেছে। কিন্তু একজন নির্দোষ মানুষ কেন বছরের পর বছর জেল খাটবে? দ্রুত তার মুক্তির ব্যবস্থা করা উচিত সরকারের।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে ভারতের আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন বাদল। সেখানে ৭১ বছর বয়সী এক নারীকে হত্যার ঘটনায় বাদল সিং নামের এক গৃহকর্মী আসামি ছিলেন। নামের মিল থাকায় ভারতীয় পুলিশ বাদল ফরাজীকে আটক করে।
তখন ১৮ বছর বয়সী বাদল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ভাষাগত পার্থক্যের কারণে পুলিশের কাছে নিজের বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে অভিযুক্ত করে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর।
বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালে বাদলকে ভারত থেকে বাংলাদেশে আনা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সব মিলিয়ে ১৮ বছর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরলেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাংলাদেশ-ভারত বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজীকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বাগেরহাট হয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। চার সপ্তাহ প্যারোলের শর্ত পরিপালন করতে হবে তাঁকে। পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।