মঙ্গলবার, 24 নভেম্বর 2026
সকল বিভাগ

সিন্ধু ভাগের পরিকল্পনার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, উঠল স্বাধীনতার স্লোগান

পাকিস্তানের সিন্ধু প্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে করাচি। রোববার চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোট ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র (জেএসআরসি) ডাকে শহরের রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভ থেকে সিন্ধুর অখণ্ডতা রক্ষার পাশাপাশি স্বাধীন ‘সিন্ধুদেশ’ প্রতিষ্ঠার স্লোগানও ওঠে।

সিন্ধু ভাগের পরিকল্পনার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, উঠল স্বাধীনতার স্লোগান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে করাচি। রোববার চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোট ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র (জেএসআরসি) ডাকে শহরের রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভ থেকে সিন্ধুর অখণ্ডতা রক্ষার পাশাপাশি স্বাধীন ‘সিন্ধুদেশ’ প্রতিষ্ঠার স্লোগানও ওঠে।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিল করেন। সাচাল এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গুলিস্তান-ই-জওহর ও শাহরাহ-ই-ফয়সাল অতিক্রম করে ফাওয়ারা চকে গিয়ে শেষ হয়। সেখানে জোটের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিওসহ জেএসআরসি জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বিক্ষোভে নেতৃত্ব দেন। আইনজীবী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ব্যানার হাতে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা সিন্ধু প্রদেশ ভাগ কিংবা নতুন প্রদেশ ও প্রশাসনিক ইউনিট গঠনের যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে প্রদেশটির ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষার দাবি জানান তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিওতে মিছিল থেকে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর স্লোগান দিতে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সিন্ধুর অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না। তাঁদের ভাষায়, ‘সিন্ধু এক ছিল, এক আছে এবং চিরকাল এক থাকবে।’ তাঁরা সিন্ধু প্রদেশকে নিজেদের মাতৃভূমি উল্লেখ করে বলেন, এই ভূখণ্ড ভাগ করার কোনো অপচেষ্টা সেখানকার মানুষ মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, সিন্ধুর ঐতিহাসিক অখণ্ডতা কেবল প্রশাসনিক বিষয় নয়; এটি হাজার বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ও সামষ্টিক আত্মপরিচয়ের সঙ্গে জড়িত।

তাঁরা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সিন্ধুর মানুষের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে, এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ করেন।

নতুন প্রদেশ ও প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে প্রস্তাবিত গণভোটের উদ্যোগও প্রত্যাখ্যান করেন বক্তারা। তাঁদের যুক্তি, আগে থেকে নির্ধারিত কোনো রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে জনমতকে ব্যবহার করা উচিত নয়।

আসিম মুনিরের পরিকল্পনা নিয়ে অভিযোগ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির সামরিক-বেসামরিক ক্ষমতাকাঠামোর বিরুদ্ধে দেশের মানচিত্র নতুন করে সাজানোর পরিকল্পনার অভিযোগ উঠেছে। এ পরিকল্পনায় চারটি প্রধান প্রদেশ ভেঙে ছোট ছোট প্রশাসনিক ইউনিট তৈরির কথা বলা হচ্ছে।

এই পরিকল্পনার বিরোধিতা থেকেই বড় ধরনের বিক্ষোভের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের কণ্ঠে ‘সিন্ধুদেশ’ বা স্বাধীনতার স্লোগানও শোনা যায়।

প্রস্তাবিত পরিকল্পনায় পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে এক ডজন বা তারও বেশি প্রদেশে বিভক্ত করার কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আসিম মুনিরের অনুমোদনসংবলিত কোনো আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশিত হয়নি। তা সত্ত্বেও প্রস্তাবটির সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের নাম জড়িয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী থাকলেও সেনাপ্রধানই প্রকৃত ক্ষমতার অধিকারী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সুশাসন নিশ্চিত করা এবং জনগণের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে পরিকল্পনাটি সামনে আনা হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের বিদ্যমান ফেডারেল কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।

এ বিষয়ে গত ৮ অক্টোবর প্রকাশিত এক সম্পাদকীয়তে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ মন্তব্য করেছে, উদ্যোগটির মূল উদ্দেশ্য দেশের রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সেনাপ্রধানের ক্ষমতা ও কর্তৃত্ব আরও সুসংহত করা।

সিন্ধু ভাগের বিরোধিতায় বিলাওয়াল ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ বা বিভক্ত করা হলে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে।

করাচি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বলপ্রয়োগের মাধ্যমে প্রদেশ বিভাজনের যেকোনো চেষ্টার বিরোধিতা করবে তাঁর দল।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, বিলাওয়াল ভুট্টো বলেছেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে রয়েছে পিপিপি। তবে জোরজবরদস্তি বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো বিভাজন তারা মেনে নেবে না।

তিনি আরও বলেন, নতুন প্রদেশ গঠনের সুনির্দিষ্ট প্রক্রিয়া সংবিধানেই উল্লেখ রয়েছে। তাই এ বিষয়ে গণভোটের প্রস্তাব দেওয়ার অর্থ অসাংবিধানিক পথ খোঁজা। পাকিস্তানে অতীতেও অগণতান্ত্রিক উদ্দেশ্য হাসিলের জন্য গণভোটকে কাজে লাগানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।