বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

রূপপুর থেকে দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।

রূপপুর থেকে দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে দ্বিতীয় দফায় সরবরাহ শুরু হয়েছিল।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, এ দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন।

বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে সরবরাহকালীন বিভিন্ন পরিচালনগত পরামিতি, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর ভাষ্য, এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

জাহেদুল হাসান আরও বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।