কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি সিফাতুল মাজদার বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি বলেন, নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী ছিলেন। অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।