রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আজ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। সে অনুযায়ী জবানবন্দি দেওয়ার জন্য নিহত হোসেনের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চার সাক্ষী আদালতে হাজির হয়েছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ মুলতবি করে নতুন তারিখ ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। একই আদেশে আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য ঠিক করা হয়েছিল।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন।
মামলার ৩৪ জন আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২০ জন বর্তমানে পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে চলতি বছরের ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পলাতক উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টু।
এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে বন্দি রয়েছেন এবং বাকি ১০ জন জামিনে আছেন।