বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি এর থেকে পৃথক।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হচ্ছে। অন্যটি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইছেন। এই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে।
এর মধ্যে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। এ জন্য দিল্লি থেকে দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার এ ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে গতকাল জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবারের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা। জবাবে জয়সোয়াল বলেন, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
শেখ হাসিনার সহযোগীদের পক্ষ থেকে বাংলাদেশকে বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নেওয়ার আহ্বান এবং বাংলাদেশ সরকারের কয়েকজনের হাতকড়া পরিয়ে ফেরত আনার বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির বর্তমান সরকারের বিষয়। এ ক্ষেত্রে ভারতের কিছু করার নেই। পরে তিনি প্রত্যর্পণ ও স্বেচ্ছায় দেশে ফেরার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন।
ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। নড়াইল ও পাবনাসহ কয়েকটি স্থানে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।
জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা চিন্তাজনক। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের সরকারের দায়িত্ব।
তবে নড়াইলের ঘটনা নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিন্ন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে প্রচার চলছে, তা মিথ্যা ও বানোয়াট। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার বা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের বিষয়েও প্রশ্ন করা হয়। ওই নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা অন্য স্থলসীমান্তও পরিদর্শন করবেন এবং স্থলপথে শেখ হাসিনার ফেরার বিষয়টি সরেজমিনে দেখবেন। এ ক্ষেত্রে ভারত সরকার তাঁদের সহায়তা করছে কি না, জানতে চাওয়া হলে জয়সোয়াল প্রশ্নটি এড়িয়ে যান।
গঙ্গার পানিচুক্তি নবায়নের বিষয়েও নতুন কোনো তথ্য দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত যৌথ নদী কমিশনের কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়।
এ ছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বাংলাদেশগামী একটি জাহাজ আটক করার খবর নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। ওই জাহাজে বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পাওয়ার খবরের বিষয়ে ভারত অবগত কি না, জানতে চান সাংবাদিকেরা।
জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে একটি প্রতিবেদন সরকারের নজরে এসেছে। প্রতিবেশী দেশগুলোর সব ঘটনার ওপর ভারত সব সময় নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।