শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

সীমান্তের ওপারে কী হচ্ছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

সীমান্তের ওপারে কী হচ্ছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন এবং বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতায় জড়িত। এর মধ্যে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কিছুটা কমলেও আবার তা শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তা ধরেই নেওয়া হয়। এ জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তাঁরা অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টা চালানো ব্যক্তিরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের চেষ্টা কখনোই সফল হবে না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনের সময় সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদও দেন তিনি।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত হয়ে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।