গণভোটের ফলাফল মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমজীবী ও সাধারণ মানুষের ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের দাবি অনুযায়ী, এই সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের বিষয়ে একমত। তবে জুলাই সনদ কার্যকর না করে প্রধানমন্ত্রী ও সরকার নিজেরাই জাতীয় ঐক্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। গণভোটের রায়কে অগ্রাহ্য করে আপনারা জনগণের অধিকার খর্ব করছেন। ৭০ শতাংশ ভোটে অনুমোদিত গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোরে নাকচ করা যায় না।
জাতীয় ঐক্য চাইলে ৭০ শতাংশ ভোটের গণরায় মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে প্রতিহত করতে এগিয়ে আসবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।’
প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে আয়োজিত ওই সম্মেলনে ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শিল্পমালিক ও নীতিনির্ধারকরা ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে’ বলে থাকেন, কিন্তু প্রকৃত সত্য হলো ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে’। যেসব কর্মী শ্রম ও ঘাম ঝরিয়ে শিল্প টিকিয়ে রাখেন, তাদের মৌলিক অধিকার ও অসুস্থতায় চিকিৎসার ব্যবস্থা না রাখা হলে সেই শ্রমনীতি বর্জন করে ইসলামি শ্রমনীতি কার্যকর করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বন্দর ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সব সম্পদ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষত চট্টগ্রাম বন্দর ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং পরিতাপের বিষয় হলো রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ বলে অভিহিত করবে। দ্রুত সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
প্রতিবেশী ভারতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সব প্রতিবেশীর সঙ্গেই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে; জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। নয়াদিল্লি যদি রিমোট কনট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তাহলে স্পষ্ট করে বলতে চাই—বাংলাদেশ কখনো দিল্লির সামান্যতম আধিপত্যও মেনে নেবে না।’
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচন সম্পন্ন হওয়ার পর ২০২৭–২০২৮ মেয়াদের জন্য এস এম লুৎফর রহমানকে পুনরায় চট্টগ্রাম মহানগরী সভাপতি এবং আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ও মনোনীত করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত হলেই দেশ ভালো থাকবে; তবে এর আগে সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে এবং আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা রুখতে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও এমপি জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা সভাপতি যথাক্রমে ইউসুফ বিন আবু বক্কর ও নুরুল হোসাইন এবং রাজনীতিবিদ শফিউল আলম। সম্মেলনে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর এবং শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমাদ মাবরুর।