মালয়েশিয়াসহ বিভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় শারীরিকভাবে অযোগ্য কর্মীকে যোগ্য হিসেবে দেখানো হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনামূল্যে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে কাজ করতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরেকটি বহর সেখানে রওনা দেবে।
প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসে অবস্থানরত নাগরিকদের আইনি সুরক্ষা ও সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি ‘ল ফার্ম’ গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি যুদ্ধপরিস্থিতিসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, মৃত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রবাসীদের ভোগান্তি কমাতে প্রশাসনিক উদ্যোগের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তি করতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে অন্তত একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা যেন চিকিৎসাসেবায় অগ্রাধিকার পান, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে এবং সেখানে ২৪ ঘণ্টা মেডিকেল টিম রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বক্তব্যের শেষে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যে দেশে কর্মরত আছেন বা অবস্থান করছেন, সেই দেশের প্রচলিত আইনকানুন যেন সবাই মেনে চলেন।