কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশেষ কৌশলে ৩০ ইঞ্চি কেসিং বসিয়ে গ্যাসের প্রবাহ ভিন্ন পথে ঘুরিয়ে আগুন নেভাতে সফল হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স।
আগুন নিভে গেলেও কূপের পরিস্থিতি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। মাটির নিচের গ্যাসের চাপ সামাল দেওয়া এবং কূপের মুখ চিরতরে সিলগালা করতে আরও কারিগরি কাজ বাকি রয়েছে। এসব প্রক্রিয়া শেষে ওই অঞ্চলে ফের গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বাপেক্স।
বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কূপের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন যুক্ত করে গ্যাসের চাপ অন্য দিকে সরিয়ে নেওয়া হয়। ফলে কূপের মুখে গ্যাসের চাপ কমে এলে একপর্যায়ে আগুন নিভে যায়।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু জানান, কেসিং বসানো এবং ডাইভার্ট লাইনের সহায়তায় গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আসায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন পরবর্তী ধাপে কূপটি নিরাপদ করার কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, এরপর ড্রিল পাইপ নামিয়ে কূপের ভেতরে প্রায় এক হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করা হবে। ওই সময় বিশেষ ধরনের ড্রিলিং মাড প্রয়োগ করে গ্যাসের চাপ নিয়ন্ত্রণে আনা হবে এবং ভূগর্ভস্থ চাপের সামঞ্জস্য তৈরি করে অনিয়ন্ত্রিত গ্যাস নিঃসরণের পথ স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা চালানো হবে।
কূপের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ওই এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এই জরিপের মাধ্যমে মাটির নিচে গ্যাসের মজুতের পরিমাণ এবং বাণিজ্যিকভাবে তা উত্তোলনের যোগ্যতা যাচাই করা হবে, যার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শ্যামল কুমার বালু।
আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কর্মকর্তারা, যেগুলো বিশ্লেষণের জন্য ঢাকায় পাঠানো হবে।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও মান সম্পর্কে জানা যাবে, যা এর বাণিজ্যিক সম্ভাবনার একটি চিত্র তুলে ধরবে।
বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে গ্যাসের গুণগত মান এবং ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ চলাকালে হঠাৎ প্রবল চাপে ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই নিকটবর্তী বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে গ্যাসে আগুন লেগে যায়। সেদিন থেকে টানা ৩১ দিন ধরে আগুন জ্বলছিল।
ঘটনার শুরুতেই বাপেক্সের কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে চাপ কমানো, নিরাপত্তা বলয় তৈরি এবং বিশেষ যন্ত্রপাতি বসানোর কাজ শুরু করে। পরবর্তী সময়ে কেসিং পাইপ, মোবাইল ক্রেন ও ব্লোআউট প্রিভেন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম এনে মূল নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়। দীর্ঘ এক মাস আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে ভীতি ও দুশ্চিন্তা তৈরি হয়েছিল, শুক্রবার আগুন নিভে যাওয়ায় তাতে স্বস্তি ফিরে এসেছে।