গোপালগঞ্জে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ কয়েকটি মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেক গ্রাহক। বুধবার রাত থেকে এ সমস্যা দেখা দিয়েছে। কারও অ্যাকাউন্টে টাকা আটকে আছে, কেউ টাকা পাঠাতে পারছেন না, আবার কেউ এজেন্টের কাছ থেকে টাকা তুলতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দিনভর অনেক গ্রাহক তাঁদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ থাকার বার্তা পেয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, গোপালগঞ্জের মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নতুন কোনো নির্দেশনা দেয়নি।
তিনি বলেন, “বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আইন ও এমএফএস গাইডলাইন মেনে লেনদেন করতে হয়। কোনো এমএফএস প্রতিষ্ঠান সন্দেহজনক লেনদেন দেখতে পেলে নিয়ম অনুযায়ী সেই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে পারে।
“কারণ, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে সব সময় সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর) জমা দিতে হয়।”
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তাঁরা তা ব্যবহার করতে পারছেন না। শহরের বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়েও টাকা তুলতে না পেরে ফিরে গেছেন অনেকে।
গ্রাহকদের কাছে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, “স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত।”
ডিস্ট্রিবিউটর ও এজেন্টদের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিকাশের প্রায় ১ হাজার ৪০০ এবং নগদের ১ হাজার ৭৫০ জন এজেন্ট রয়েছেন। বৃহস্পতিবার বিকাশের ডিস্ট্রিবিউটর থেকে এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি। তবে নগদের এজেন্টরা টাকা পেয়েছেন।
বিকাশের ডিস্ট্রিবিউটর হাউসের প্রধান শেখ মুজাহিদুল ইসলাম বলেন, গোপালগঞ্জে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবায় সমস্যা হচ্ছে। এতে গ্রাহক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের টাকা লেনদেন হয়, এমন অ্যাকাউন্টগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে সমস্যা হতে পারে বলে তিনি ধারণা করছেন। বৃহস্পতিবার এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলেও জানান তিনি।
গোপালগঞ্জে এমএফএস হিসাব পরিচালনায় গ্রাহকদের ভোগান্তির বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।”
অন্যদিকে রকেটের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান বলেন, অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে তাঁরা সরকারি বা দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। ভুক্তভোগীদের গ্রাহকসেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।
লেনদেন করতে না পেরে দৈনন্দিন খরচ মেটাতেও সমস্যায় পড়েছেন অনেকে। পরিবারের ব্যয়, চিকিৎসা ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় টাকা পাঠাতে পারছেন না তাঁরা।
শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, অ্যাকাউন্টটি বন্ধ। হাতে টাকা না থাকায় ধার করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছে তাঁকে।
শহরের মাদ্রাসা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মোল্লা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বার্তা দিয়ে তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে তিনি আর লেনদেন করতে পারছেন না।
পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন, তাঁর বিকাশে লেনদেন বন্ধ। এতে বীজ কেনা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তামান্না পারভীন নামের এক নারী জানান, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশে সমস্যা হওয়ায় ছেলের কাছে টাকা পাঠাতে পারছেন না তিনি।
শাকিল আহমেদ নামের এক গ্রাহক বলেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টে ৬৫ হাজার টাকা আটকে আছে। এতে ব্যবসার কাজও ব্যাহত হচ্ছে। তাঁর দাবি, বৃহস্পতিবার টাকা তুলতে এসে ৫০ থেকে ৫৫ জন গ্রাহক এজেন্ট পয়েন্ট থেকে ফিরে গেছেন।
বিকাশের একাধিক এজেন্টও তাঁদের অ্যাকাউন্টে টাকা আটকে থাকার কথা জানিয়েছেন। তাঁরা সাধারণ গ্রাহকদের লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ করায় তাঁদের আপত্তি নেই। তবে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে নজর দিতে হবে।