ময়মনসিংহ নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে বিপুলসংখ্যক লগি-বৈঠা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরের শম্ভুগঞ্জ এলাকায় বৈঠা তৈরির সময় যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটক মোজাম্মেল হোসেন মামুন ওই এলাকার মোস্তফার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা।
জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালায়। এ সময় মোজাম্মেলকে আটক করা হয়।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মামুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।