বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

আইসিজের রায়ের কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার, জানালেন জান্তা নেতা

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু নির্দেশনা প্রত্যাখ্যানের অবস্থান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ও জান্তা নেতা মিন অং হ্লাইং। তিনি বলেছেন, যেসব নির্দেশনা মিয়ানমারের কাছে ‘অগ্রহণযোগ্য’ মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে না।

আইসিজের রায়ের কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার, জানালেন জান্তা নেতা
ছবি: সংগৃহীত

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু নির্দেশনা প্রত্যাখ্যানের অবস্থান জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ও জান্তা নেতা মিন অং হ্লাইং। তিনি বলেছেন, যেসব নির্দেশনা মিয়ানমারের কাছে ‘অগ্রহণযোগ্য’ মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে না।

বিবিসির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে আইসিজের ঐতিহাসিক রায়ের পর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়েছে।

মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে অনুপযুক্ত মনে হবে, সেগুলো মানবে না। আইসিজের রায়ের ঠিক কোন কোন নির্দেশনা মিয়ানমার প্রত্যাখ্যান করতে চায়, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

জান্তা নেতা আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ওপর গুরুতর প্রভাব ফেলেছে।

গত সপ্তাহে দেওয়া রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। আদালতের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন।

গাম্বিয়ার করা মামলায় ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। এতে গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রায়ে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি গণহত্যা সনদের লঙ্ঘন বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

বিধি অনুযায়ী, আইসিজের এই রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী ব্যবস্থা না থাকায় রায়ের নির্দেশনা বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর।

২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইনে সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সামরিক অভিযান চালানো হয়েছিল।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। এরপর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে এবং দেশটির সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

আইসিজের রায়ের পর মিয়ানমারের ওপর নতুন করে কূটনৈতিক চাপ বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটি। এরই মধ্যে যুক্তরাজ্য মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।