বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা মো. সেলিম মিয়া ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় পুলিশ পরিদর্শক সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জেলা পুলিশের ভেতরে ও বাইরে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।