রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক লিয়াকত হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তছলিম চৌধুরীকে আটক করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ এবং বর্তমানে তাঁর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তদন্ত কর্মকর্তার অভিযোগ, পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া ও অর্থ জোগানের সঙ্গে তিনি জড়িত। এ ছাড়া পুলিশের গাড়ি পোড়ানো, বোমা নিক্ষেপসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে মদদ ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা রাখছেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনটিতে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তার জন্য প্রয়োজনে পরে তাঁর রিমান্ডের আবেদন করা হবে জানিয়ে জামিনের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ মেট্রোস্টেশনের নিচে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান। তাঁদের হাতে লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল, পেট্রলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। এ সময় তাঁরা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলার সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের আহত করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেদিন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ এবং দুই লিটারের একটি প্লাস্টিকের বোতলে থাকা পেট্রল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলা করে পুলিশ।