দেশের পাঁচটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামে এই বিশেষ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত নেতারা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় দেশের বর্তমান ছাত্ররাজনীতির ধারা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং আগামী দিনের নেতৃত্বের নানা চ্যালেঞ্জের বিষয়গুলো প্রাধান্য পাবে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, আমন্ত্রিত ছাত্র সংসদ নেতারা বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট সবার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। বৈঠকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, ছাত্ররাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিস্তারিত কথা হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত বুধবার ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এক ফেসবুক বার্তায় এই আয়োজনের বিষয়টি সামনে আনেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।