পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এই মর্মান্তিক বিপর্যয় ঘটে বলে জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই বৃহস্পতিবার থেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বের করে আনতে জোরালো অভিযান শুরু হয়। তবে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের পরিবর্তে সনাতন পদ্ধতিতে হাতে তল্লাশি চালানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, ভারী যন্ত্রের কম্পনে ভবনের অবশিষ্ট অংশ ফের ধসে পড়তে পারে এবং নিচে আটকে পড়াদের মরদেহ ক্ষতবিক্ষত হওয়ার ঝুঁকি থাকে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ইউনিট ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, আটকে পড়াদের কাছে পৌঁছাতে অত্যন্ত সাবধানতার সঙ্গে কংক্রিটের স্তূপের ভেতর ছোট ছোট সুড়ঙ্গ বা ফাঁক তৈরি করে কাজ চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া ১৪ জন আহতের মধ্যে ১৩ জনই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং বাকি একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে এক মুখপাত্র নিশ্চিত করেছেন। এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে তিনটি মরদেহ ও ১৪ জন আহতকে উদ্ধারের তথ্য জানানো হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ ওই এলাকায় কয়েক তলা সমান উঁচু কংক্রিট ও দুমড়ে-মুচড়ে যাওয়া লোহার স্তূপ জমে আছে। দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ের পাশাপাশি পাশেই স্থাপিত একটি তথ্যকেন্দ্রে স্বজনহারা মানুষদের আহাজারি করতে এবং মোবাইলে নিখোঁজদের ছবি দেখিয়ে কর্মকর্তাদের সহায়তা চাইতে দেখা গেছে।
এদিকে, ভবন ধসের এই ঘটনায় অবহেলা, অসাবধানতা ও হত্যার অভিযোগ এনে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তানে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাই এসব দুর্ঘটনার মূল কারণ। দুই কোটিরও বেশি মানুষের বসবাসরত বাণিজ্যিক নগরী করাচিতে জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব, অবৈধভাবে ভবন সম্প্রসারণ এবং ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না করার ফলে প্রায়ই এমন প্রাণহানি ঘটছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে এই শহরে ১৬ জন নিহত হয়েছিলেন এবং গত বছরের জুলাইয়ে লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জনের প্রাণহানি ঘটেছিল।
সূত্র : জিও নিউজ