শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

পাকিস্তান সীমান্তে পঞ্চম এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে ভারত, বাড়ছে সামরিক প্রস্তুতি

চীন ও তুরস্ক ইসলামাবাদকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর সক্ষমতা বাড়াচ্ছে এবং সৌদি আরব দেশটির সামরিক খাতে অর্থের জোগান দিচ্ছে।

পাকিস্তান সীমান্তে পঞ্চম এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে ভারত, বাড়ছে সামরিক প্রস্তুতি
পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বহুমুখী সহযোগিতার মুখে নিজেদের পশ্চিম সীমান্তের সুরক্ষা বলয় আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে ভারত।

ভারতের দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা (এলওসি) নিরাপদ রাখতে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে নয়াদিল্লি।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন ও তুরস্ক ইসলামাবাদকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর সক্ষমতা বাড়াচ্ছে এবং সৌদি আরব দেশটির সামরিক খাতে অর্থের জোগান দিচ্ছে। উদ্ভূত এই ভূ-রাজনৈতিক বাস্তবতায় পশ্চিমাঞ্চলীয় সীমান্তের আকাশ প্রতিরক্ষা আরও নিশ্ছিদ্র করতেই ভারতের এই পদক্ষেপ। বর্তমানে আকাশপথের যেকোনো আক্রমণ প্রতিহত করতে ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে তিনটি দূরপাল্লার এস-৪০০ ইউনিট সক্রিয় রয়েছে। এ ছাড়া অরুণাচল প্রদেশের ১ হাজার ১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পাহারা দিতে চতুর্থ এস-৪০০ ব্যবস্থাটি আসামে বসানো হয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রাখলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসেই ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্রাক-সরবরাহ পর্যবেক্ষক দল রাশিয়া সফরে যাবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চম এস-৪০০ ইউনিটটি সীমান্তে মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।

৪০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, মনুষ্যবিহীন আকাশযান, কামিকাজে ড্রোন এবং আত্মঘাতী লয়টারিং অ্যামিউনিশন ধ্বংস করার সামর্থ্য রাখে এই এস-৪০০ ব্যবস্থা। এর আগে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তার কার্যকারিতার প্রমাণ রেখেছিল। সে সময় পাকিস্তানের নিক্ষেপ করা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি; উল্টো সিন্ধু নদের পশ্চিম প্রান্ত পর্যন্ত আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান, আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণকারী বিমান (এইডব্লিউঅ্যান্ডসি) এবং ইলেকট্রনিক গোয়েন্দা (এলিন্ট) প্ল্যাটফর্ম ভূপাতিত করেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে, আগামী ২০২৭ সালে রাওয়ালপিন্ডিকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান দেওয়ার যে পরিকল্পনা চীন নিয়েছে, তার বিপরীতে পাল্টা প্রস্তুতি শুরু করেছে নয়াদিল্লি। চীনের দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পিএল-১৫ ই (এক্সটেন্ডেড) ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ ৯বিই-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলায় ভারত নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ও লয়টারিং অ্যামিউনিশন তৈরি এবং সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান বিমানবাহিনী সুইডিশ অ্যাওয়াকস বিমানের সহায়তায় চীনা জে-১০ যুদ্ধবিমান থেকে ২০০ কিলোমিটার পাল্লার টুইন-ডাটা লিংক পিএল-১৫ ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ বিষয়ে ভারতের এক শীর্ষ সামরিক কর্মকর্তা মন্তব্য করেন, ভবিষ্যতের যুদ্ধগুলো সরাসরি সম্মুখ সমরের পরিবর্তে দূরপাল্লার প্রযুক্তিনির্ভর হবে, যেখানে স্ট্যান্ড-অফ অস্ত্রের ব্যবহারই মূল ভূমিকা রাখবে; যাদের হাতে অধিক পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রযুক্তি থাকবে, রণক্ষেত্রে তারাই আধিপত্য বিস্তার করবে।

অপর কর্মকর্তা জানিয়েছেন, বেইজিং ও আঙ্কারার সামরিক সরবরাহ, ওয়াশিংটনের এফ-১৬ আধুনিকায়ন প্যাকেজ এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মক্কা জোটকে সহায়তার বিনিময়ে রিয়াদের আর্থিক অনুদানের বিষয়টি ভারতের নজরে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ওপর নির্ভরশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে থাকা সত্ত্বেও পাকিস্তান ৫০০ কোটি ডলারের বেশি ব্যয়ে চীনের কাছ থেকে আটটি ইউয়ান বা হাঙ্গর শ্রেণির এআইপি ডিজেল অ্যাটাক সাবমেরিন সংগ্রহ করছে, যার একটি ইতোমধ্যে ২০২৬ সালের জুনে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এর পাশাপাশি তুরস্ক পাকিস্তানের অগস্তা ৯০ বি সাবমেরিনগুলোর মানোন্নয়ন করছে এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন দিচ্ছে। এ ছাড়া পাকিস্তানের আকাশপথের সক্ষমতা বাড়াতে চীন ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম সশস্ত্র উইং লুং-২ ড্রোন সরবরাহ করেছে বলেও ওই কর্মকর্তারা উল্লেখ করেন।