সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালানোর ঘটনায় ফরিদপুর থেকে মো. রাজিব হোসেন (৩৮) নামের এক কোচিং শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অপহৃত ওই কিশোরীকেও উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে অতীতেও একই কায়দায় দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি-১২ এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি যৌথ অভিযানিক দল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিবকে আটক করে। এরপর একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা এলাকার বাসিন্দা আল মামুনের সন্তান। তিনি এলাকায় ‘অধ্যায়ন একাডেমি’ নামে একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবে কর্মরত।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর স্কুলে নির্বাচনি পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। পরদিন ৫ নভেম্বর মেয়েটির মা বাদী হয়ে রাজিব হোসেন এবং তার মা রোজি খাতুনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এজাহারের বিবরণে আরও বলা হয়েছে, এর আগেও দুই ছাত্রীকে একইভাবে নিয়ে পালিয়েছিলেন রাজিব। বিয়ের পর স্বল্প সময়ের ব্যবধানে দুজনকেই তিনি তালাক দেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার সংসারে এক স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।