শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিতে এ দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের পর সম্ভাব্য বিপদ এড়াতে আশপাশের এলাকার বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিতে এ দুর্ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, যার দৃশ্য পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে।

ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টার সূত্র জানিয়েছে, আহত ব্যক্তিদের বেশিরভাগই আগুনে দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও নগর কর্তৃপক্ষের তৎপরতায় এক ঘণ্টা পেরোনোর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরিয়ে নেওয়া বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী লোকজনকে সম্ভাব্য বায়ুদূষণের বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শোধনাগারটির পরিচালনাকারী সংস্থা ব্যাংচাক করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হলো, তা উদ্ঘাটনে তদন্ত চলছে এবং নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটির সব ধরনের উৎপাদন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান প্রাথমিকভাবে ধারণা করছেন, তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত শোধনাগারের একটি নির্দিষ্ট ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে সেখানে ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ বলে নিশ্চিত হওয়া না পর্যন্ত কর্তৃপক্ষ সেখানে পুনরায় উৎপাদন শুরুর কোনো অনুমতি দেবে না।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের ঘাটতি বা সংকট তৈরি হওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন জ্বালানিমন্ত্রী আকানাত। তিনি উল্লেখ করেন, থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার সচল রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এই কেন্দ্রটি দেশের বৃহত্তম শোধনাগারগুলোর অন্তর্ভুক্ত নয়।

উল্লেখ্য, প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা সম্পন্ন এই স্থাপনাটি আয়তনের বিচারে থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম এবং দেশটির শহরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগার। এর আগে ২০১২ সালের জুলাই মাসেও একই শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল, যাতে পার্শ্ববর্তী আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং স্থাপনাটি মেরামত করে পুনরায় চালু করতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।