ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং বিগত ১৭ বছরে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নিয়মিত মাসিক ভাতা প্রদানের লক্ষ্যে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্নায় ২৭ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এ ঘোষণা দেন।
সমাবেশে মন্ত্রী নিশ্চিত করেন যে, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরও ভাতার আওতায় আনা হবে। একই সঙ্গে বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, ভুয়া পরিচয়ে যারা এতদিন মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করে আসছিলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। দেশের বাইরে অবস্থান করে ফ্যাসিবাদী অপশক্তি নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে অভিযোগ করে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমগ্র দেশবাসীকে এদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উক্ত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের যে হুমকি ওই মন্ত্রী দিয়েছেন, তার জবাবে আইনমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশের মানুষের শরীরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ভারতে অবস্থান করে যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন, তাদের দেশে ফিরতে হলে প্রচলিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েই আসতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।