কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পরিচালনা এবং বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে মহাকাশে দশ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের ঐতিহাসিক অনুমতি পেয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স।
বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এই উচ্চাভিলাষী প্রকল্পের চূড়ান্ত অনুমোদন প্রদান করে। মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলার এমন উদ্যোগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সর্বপ্রথম সরকারি অনুমোদন।
এফসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেগা প্রকল্পটি যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা সুপার ইন্টেলিজেন্স খাতের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। নিয়ন্ত্রক সংস্থাটির অভিমত, এই উদ্যোগ মানবজাতিকে এমন এক উন্নত সভ্যতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যেখানে সূর্যের সম্পূর্ণ শক্তি সরাসরি ব্যবহার করা সম্ভব হবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার মন্তব্য করেছেন যে, সুপার ইন্টেলিজেন্সের বর্তমান যুগে যুক্তরাষ্ট্রই গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
স্পেসএক্সের নকশা অনুযায়ী, মহাকাশে উৎক্ষেপণ করা এই কম্পিউটিং মডিউল বা স্যাটেলাইটগুলো মূলত তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহৃত হবে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ও পানির চাহিদা ক্রমাগত বাড়ছে। ভূপৃষ্ঠের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ গ্রিডের ওপর থেকে এই ক্রমবর্ধমান চাপ কমিয়ে আনতেই মহাকাশে ডেটা সেন্টার স্থাপনকে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।
এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স উল্লেখ করেছে, পৃথিবীর বুকে ডেটা সেন্টার নির্মাণ ও সচল রাখতে প্রচুর বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর বিপরীতে মহাকাশে প্রায় বিরতিহীনভাবে সৌরশক্তি সরাসরি কাজে লাগানোর সুযোগ রয়েছে এবং সেখানে অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ও অনেক কম হবে। প্রতিষ্ঠানটির দাবি, স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ ও নিরবচ্ছিন্ন সৌরশক্তির সমন্বয়ে এই স্যাটেলাইটগুলো জ্বালানি ও ব্যয় সাশ্রয়ে বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা পৃথিবীর পরিবেশগত ক্ষতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। তবে এই পরিকল্পনা ঘিরে বিশ্লেষকদের মধ্যে কিছুটা সংশয়ও কাজ করছে। সমালোচকদের ভাষ্যমতে, মহাকাশে ডেটা সেন্টার চালানোর উপযোগী প্রযুক্তি এখনো পরিপূর্ণতা পায়নি, তাই বাস্তবে এমন অবকাঠামো দাঁড় করাতে আরও দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।
এদিকে, সম্ভাবনার পাশাপাশি এই প্রকল্পের কারিগরি প্রতিবন্ধকতা ও ঝুঁকির দিকগুলোও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সরকারি নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, পানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে সহায়ক হতে পারে। তবে এটি বাস্তবায়নের পথে বেশ কিছু প্রকৌশলগত ও আর্থিক জটিলতা রয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ডেটা সেন্টারের কম্পিউটিং যন্ত্রাংশ থেকে প্রচুর তাপ নির্গত হয়, কিন্তু মহাকাশের পরিবেশে সেগুলোকে কার্যকরভাবে শীতল রাখা অত্যন্ত কঠিন। ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা বড় একটি প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জটিল হয়ে পড়বে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও বৃদ্ধি পাবে।
এফসিসির বেঁধে দেওয়া শর্তানুযায়ী, স্পেসএক্সকে আগামী ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট স্থাপনের প্রাথমিক কাজ শুরু করতে হবে। পরবর্তী ধাপে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট সংখ্যার অন্তত দশ শতাংশ অর্থাৎ এক লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। এছাড়া ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত লক্ষ্যমাত্রার অর্ধেক বা পঞ্চাশ শতাংশ স্যাটেলাইট স্থাপনের বাধ্যবাধকতাও জুড়ে দেওয়া হয়েছে। অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে স্পেসএক্স শেষ পর্যন্ত পুরো দশ লাখ স্যাটেলাইট মহাকাশে স্থাপন করবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।