শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

শুক্রবার ভোরে যশোরের ঝুমঝুমপুরে চেকপোস্ট বসিয়ে একটি সাদা প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে বিজিবি এবং তাদের কাছ থেকে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়েছে।

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩
ভারতে পাচারের চেষ্টাকালে ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে চেকপোস্ট বসায়। একপর্যায়ে একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আরোহীদের দেহের বিশেষ স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা রাজধানী ঢাকা থেকে স্বর্ণের চালানটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত স্বর্ণ, রুপা ও প্রাইভেটকারসহ তিনজনকে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।