ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করতে ভারত অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থানকালে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এই অবস্থান তুলে ধরেন। বিবিসি উর্দুর বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের অনুরোধে সাড়া না দিলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যাবে ঢাকা। তিনি আরও জানান, শেখ হাসিনা দেশে এলে তাকে আটক করে কারাগারে পাঠানো হবে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার অভিপ্রায় প্রকাশের প্রেক্ষাপটে স্পিকারের এমন মন্তব্য সামনে এল। যদিও তার এই প্রত্যাবর্তনের ঘোষণাকে নাকচ করে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল বৈধ আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই তার ফেরা সম্ভব।
বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়, হাফিজ উদ্দিন আহমদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটি মূলত দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার একটি কৌশল মাত্র। বাস্তবে তিনি বাংলাদেশে ফিরবেন না বলেই মনে করেন স্পিকার।
অন্যদিকে, বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার ফলে যেসব জটিলতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা দিল্লিও ক্রমেই অনুধাবন করতে পারছে। শেখ হাসিনার কর্মকাণ্ড ও বক্তব্য ভারতের জন্যও বিব্রতকর পরিস্থিতির জন্ম দিচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।