শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের টুকরা নিক্ষেপ, আটক ৪

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের টুকরা নিক্ষেপ, আটক ৪
ছবি: সংগৃহীত

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভবনটির ওপর থেকে একটি ককটেল ও ইটের টুকরা নিক্ষেপ করা হয়। এতে ইটের টুকরা জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেট ঘিরে ফেলেন। এ সময় সন্দেহভাজন চারজনকে মার্কেটের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে নিয়ে যান।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে নাশকতা চালাচ্ছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় তাঁদের ওপর ককটেল ও ইটের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের কর্মকাণ্ড নতুন নয় বলে মন্তব্য করেন তিনি। রাজপথে থাকার কথাও জানান এই ছাত্রদল নেতা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। তাঁদের নাম-পরিচয়, সেখানে অবস্থানের কারণ এবং ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।