ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর দফায় দফায় চালানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয়জন নাগরিক, আর জখম হয়েছেন আরও বহু মানুষ।
এই সামরিক তৎপরতার অংশ হিসেবে দেশটির রাজধানী কিয়েভের এক শিশ চিকিৎসাকেন্দ্রেও আঘাত হেনেছে রকেট। আর্ন্তজাতীয় সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন জানায়, মঙ্গলবার ভোরের দিকে একযোগে এই জোরালো হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষ করে প্যাট্রিয়ট সুরক্ষাব্যবস্থার অপ্রতুলতার সুযোগ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনজুড়ে বিমান হামলা আরও জোরদার করেছে মস্কো।
জাপোরিজিয়া অঞ্চলের সামরিক সমন্বয়ক ইভান ফেদোরোভ সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান, রকেট ও বিমান থেকে নিক্ষিপ্ত বোমার সাহায্যে বড় পরিসরে এই আঘাত হানা হয়েছে। এতে অন্ততঃ ৬ জনের জীবনহানি ও ১৯ জন জখম হওয়ার পাশাপাশি অনেক স্থাপনা ও যানবাহনে আগুন ধরে যায়। ফলে স্থানীয় বিদ্যুৎ সংযোগ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়।
এদিকে কিয়েভ শহরের শেভচেনকিভস্কি এলাকায় ক্ষেপণাস্ত্র বর্ষণে ব্যাপক ক্ষতিসাধন ছাড়াও এক ব্যক্তি আহত হয়েছেন। উদ্ধারকারী দল জানায়, শহরের একটি গুদামঘরের পাশাপাশি চিকিৎসাধীন শিশুদের একটি স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। একই সাথে দেশটির দক্ষিণ অঞ্চলের মাইকোলাইভ শহরে ড্রোন হামলায় পঁচাত্তর বছর বয়সি এক প্রবীণ নারী মারাত্মকভাবে জখম হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।