বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
সকল বিভাগ

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, দেশে ফেরার পরিকল্পনা না থাকায় হাসিনা এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছেন। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব ভারতের বলে মনে করেন তিনি।

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ
ছবি: রাশেদ খাঁন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, দেশে ফেরার পরিকল্পনা না থাকায় হাসিনা এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছেন। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশে ফেরানোর দায়িত্ব ভারতের বলে মনে করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর পাসপোর্ট চেয়ে আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খাঁন। সোমবার এক ভিডিও বার্তায় গণঅধিকার পরিষদের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, “পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে, কোনো দেশের সরকার কোনো পলাতক আসামির জন্য পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করেছে।

“শেখ হাসিনা মূলত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। এজন্য এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছে। তবে এতটুকু বলতে চাই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চাযন, সেক্ষেত্রে ভারত সরকারের দায়িত্ব তাকে বাংলাদেশে একজন অপরাধী হিসেবে হস্তান্তর করা।’’

রাশেদ খাঁন বলেন, “আমরা দেখেছি, যে সময় শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তখন তিনি বলতেন যে ভারতকে যা দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে এবং আওয়ামী লীগের মন্ত্রীরাও একই কথা বলত যে, ভারতের সঙ্গে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক।’’

তিনি আরও বলেন, “শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। সেই ফিরিয়ে দিতে হবে ভারতকে। যেহেতু তিনি পালিয়ে গেছেন।

“শেখ হাসিনা যদি কোনো আলোচনার মাধ্যমে যেতেন, কোনো বৈধ উপায়ে যেতেন, সেক্ষেত্রে তার পাসপোর্টে সমস্যা হলে, এনআইডিতে সমস্যা হলে তাকে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব ছিল।”

ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।