দেশে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২০টি বন্ধ রয়েছে। চালু থাকা বাকি ৩৫টির মধ্যে ৩০টিই লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোক্তার আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি বন্ধ রয়েছে। চালু থাকা ১০টির মধ্যে নয়টি লোকসানে এবং একটি লাভে রয়েছে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি বন্ধ। বাকি নয়টির মধ্যে ছয়টি লোকসানে এবং তিনটি লাভে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি লোকসানে এবং একটি লাভে রয়েছে।
ছয় চিনিকলে উৎপাদন বন্ধ
বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বিএসএফআইসির ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে নয়টিতে উৎপাদন চলছে। বাকি ছয়টি চিনিকলের উৎপাদন কার্যক্রম ২০২০-২১ অর্থবছর থেকে স্থগিত রয়েছে।
চালু থাকা চিনিকলগুলোতে ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৪৩ হাজার ৩২৬ দশমিক ৮৫ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৬০০ মেট্রিক টন।
মন্ত্রী জানান, দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ মেট্রিক টন। চালু থাকা নয়টি চিনিকলের বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৩২ হাজার ৩৮০ মেট্রিক টন। তবে এই সক্ষমতা অনুযায়ী চিনি উৎপাদন হচ্ছে না।
বিএসএফআইসি সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ লাখ ৭ হাজার ৭৯২ দশমিক ৭৯ মেট্রিক টন চিনি আমদানি করেছিল। এরপর করপোরেশনটি আর চিনি আমদানি করেনি।
বিসিকের ৫০ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিসিকের চারটি আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় আটটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মশালায় শিল্পনগরী ও শিল্পপার্কের কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনে উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়েছে।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিসিকের ৫০টি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের একটি প্রকল্প নেওয়া হয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
তবে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়ন নিশ্চিত হয়নি। এ কারণে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় বিকল্প ব্যবস্থায় প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, বিসিক প্রতিষ্ঠার পর থেকে শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ঋণের সার্ভিস চার্জ ৫ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রে ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আরও জানান, গত কোরবানির ঈদে সারা দেশে ৬২ লাখ ৫৩ হাজার ৯১৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি।